বাংলাদেশে কমছে দুর্গাপুজোর ছুটি! বিবেচনার আশ্বাস দিলো অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। মন্দির, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং তাদের অধিকার রক্ষার জন্য দাবি জানাচ্ছে।

ঢাকা ও চট্টগ্রামের পর এবার টাঙ্গাইলের ভূঞাপুরেও হিন্দু সম্প্রদায় মানববন্ধন করেছে। বিভিন্ন হিন্দু সংগঠন বাংলাদেশ সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে। এর মধ্যে হামলাকারীদের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা অন্যতম।এরই সঙ্গে দুর্গাপুজোর সময় ৫ দিনের ছুটি, এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক প্রতিষ্ঠা করার দাবিও করা হচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তাঁরা দুর্গাপুজোর সময়ে ৩ দিনের ছুটির বিষয়টি বিবেচনা করে দেখবেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন। তিনি হিন্দুদের দাবি শুনবেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১.৩৫ কোটি হিন্দু বাস করেন। গত কয়েক দশকে তাদের সংখ্যা কমেছে এবং অনেকে ভারতে পালিয়ে এসেছেন।