শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি, বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭ পূর্ণার্থী

বিহারের জেহানাবাদের বারাবার পাহাড়ের উপর অবস্থিত বাবা সিদ্ধেশ্বরনাথ মন্দিরে রবিবার রাতে ভয়াবহ স্ট্যাম্পিডের ঘটনা ঘটেছে। কানওয়ারিদের ভিড় সামলাতে না পেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মধ্যরাতের পর এই মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন মহিলা। এছাড়াও প্রায় ন’জন আহত হয়েছেন।

স্থানীয় সাক্ষীদের কথা অনুযায়ী, পুলিশ ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এক আহত পুণ্যার্থী সুমন কুমার জানিয়েছেন, “একমাত্র রাস্তা দিয়েই সকলে মন্দিরে যাতায়াত করছিলেন। পুলিশের লাঠিচার্জের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।”

জেহানাবাদের জেলাশাসক অলংকৃতা পান্ডে জানিয়েছেন, “আমরা ঘটনার তদন্ত করছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।”

বিহারে কানওয়ার যাত্রা চলাকালীন এই ধরনের দুর্ঘটনা প্রথম নয়। এর আগেও গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।