“তদন্তে ভয় কেন মোদীর?’- SEBI প্রধানের ইস্তফার দাবি রাহুল গান্ধীর

“হিন্ডেনবার্গের বিস্ফোরক দাবির পর থেকে দেশের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সংস্থাটি দাবি করেছে যে, সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের আদানি গোষ্ঠীর অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। এই তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে বিরোধী দলগুলি তাঁর পদত্যাগের দাবি তুলেছে।

রবিবার, রাহুল গান্ধী সেবি প্রধানের পদত্যাগের দাবি করেছেন। তিনি সেবির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কংগ্রেস সাংসদ বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের অর্থ রক্ষার দায়িত্ব সেবির। তার সততা নিয়েই এবার প্রশ্ন উঠছে।

রাহুল আরও বলেন, ‘দেশের সৎ এবং ছোট ব্যবসায়ীদের তরফে আমি বেশ কিছু প্রশ্ন করতে চাই। কেন সেবি চেয়ারপার্সন এখনও পদত্যাগ করেননি? যদি বিনিয়োগকারীরা নিজেদের কষ্টার্জিত অর্থ হারান, তবে কে দায়ী হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেবি প্রধান না গৌতম আদানি? নতুন যে গুরুতর অভিযোগ উঠেছে, তা নিয়ে কি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করবে না? এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্তে ভয় পাচ্ছেন! না জানি তদন্তে কী উঠে আসে!’