বাংলাদেশ এখনো অশান্ত? গোপালগঞ্জে সেনার ওপর হামলা, সংখ্যালঘু নিয়ে বার্তা ইউনুসের

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দিন দিন বাড়ছে। গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলার ঘটনা একেবারে স্পষ্ট করে দিয়েছে এই পরিস্থিতি।

সেনা টহল দলের ওপর হামলা:

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, গোপালগঞ্জের গোপীনাথপুরে বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র এবং ইট-পাটকেল নিক্ষেপ করেছে এবং একটি সেনা গাড়ি পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাকে গুলি চালাতে হয়েছে। এই ঘটনায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।

বিচারপতিদের পদত্যাগ:

এই ঘটনার পাশাপাশি বাংলাদেশের প্রধান বিচারপতিসহ শীর্ষ বিচারপতিরা পদত্যাগ করেছেন। বিচার বিভাগ সংস্কারের দাবিতে ছাত্রদের ব্যাপক বিক্ষোভের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মহম্মদ ইউনুসের আহ্বান:

নোবেল বিজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনুস বলেন, ‘সংবাদপত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবেদন আসছে। তারা কেন হামলার শিকার হবে? তারা কী দেশের নাগরিক নন? তোমরা (শিক্ষার্থীরা) দেশকে বাঁচাতে পেরেছ, সংখ্যালঘু পরিবারগুলোকে কি বাঁচাতে পারবে না?’

তিনি বলেন, ‘তোমাদের বলতে হবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তারা আমাদের ভাই, আমরা একসঙ্গে লড়াই করেছি, আমরা একসঙ্গেই থাকব।’ পুরো বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে নোবেল বিজয়ী ইউনূস বলেন, ‘এর চেয়ে সুন্দর পরিবার আর নেই। পৃথিবীতে অনেক দেশ আছে কিন্তু এত সুন্দর পরিবার নেই।’