SPORTS: “সেটা ছিল সুবর্ণ সুযোগ”-ভারতের কোচ হিসেবে যে আক্ষেপের কথা জানালেন দ্রাবিড়

২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতে দায়িত্ব থেকে সরে আসার আগে তিনি ভারতীয় দলকে তিনটি আইসিসি ফাইনালে নিয়ে গেলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেননি।

দ্রাবিড়ের জন্য সবচেয়ে হতাশাজনক মুহূর্ত ছিল দক্ষিণ আফ্রিকা সফর। তিনি জানিয়েছেন, ২০২১-২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জিততে না পারা তার জন্য সবচেয়ে বড় দুঃখ। সেই সিরিজে ভারত প্রথম টেস্ট জিতেও পরের দুটি টেস্ট হেরে সিরিজ হারিয়েছিল।

দ্রাবিড়ের মতে, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতার সুবর্ণ সুযোগ ছিল ভারতের। কিন্তু কিছু সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতি এবং তৃতীয় টেস্টে শেষ ইনিংসে রান তাড়া করতে গিয়ে ভারত হেরে যায়।

রাহুল বলেন, ‘যদি আমার কোচিং কেরিয়ারের লোয়েস্ট পয়েন্টের কথা জানতে চান, তবে আমি বলব সেটা হল আমার কেরিয়ারের শুরুর দিকের দক্ষিণ আফ্রিকা সিরিজ। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আমরা সেঞ্চুরিয়নের প্রথম টেস্ট জিতি। তবে তার পরেই দ্বিতীয় ও তৃতীয় টেস্টে আমাদের হারতে হয়। আপনারা জানেন যে, আমরা দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জিতিনি। আমাদের কাছে ওদেশে সিরিজ জয়ের সেটা ছিল সুবর্ণ সুযোগ।’