“২৪ ঘণ্টার মধ্যে কেজরিওয়ালের জেলমুক্তি সম্ভব যদি…” -বড় দাবি করলেন মণীশ সিসোদিয়ার

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ১৭ মাস জেল খাটার পর মুক্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জেল থেকে বেরিয়েই তিনি বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেছেন।
শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে মণীশ সিসোদিয়া দাবি করেছেন যে, ভারতে সততার প্রতীক হলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “দেশে স্বৈরাচারী শাসন চলছে। বিরোধীরা যদি একজোট হয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে মুক্ত করা সম্ভব।”
সিসোদিয়া মনে করেন, বিজেপি বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের জেল করছে। তিনি বলেন, “গণতন্ত্র এবং সংবিধানের চেয়ে কোনও রাজনৈতিক দল বড় হতে পারে না।”
সুপ্রিম কোর্টের রায়কে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে একটি জয় হিসেবে দেখছেন। তিনি বলেন, “এই রায় প্রমাণ করে যে, দীর্ঘদিন জেল খাটার পরও কোনও নিরপরাধ ব্যক্তি সত্যের জয় পেতে পারে।”