“মেয়ের যাতায়াতে সুবিধার জন্য বাবা গাড়ি কিনে দিয়েছিল”- সুকান্তকে জানালেন নির্যাতিতার মা

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনায় নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নির্যাতিতার মা জানিয়েছেন, তাঁর মেয়ে কখনো কোনো সমস্যার কথা বলত না। তিনি মেয়ের জন্য ন্যায় চান। সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্তে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।
নির্যাতিতার মা জানান, “মেয়ে কখনও কলেজের সমস্যা আমাদের জানায়নি। যাতায়াতের সমস্যা হচ্ছিল, তাই ওর বাবা একটি গাড়ি কিনে দিয়েছিল। যাতে কলেজে যাতায়াত করতে সুবিধা হয়। আমার মেয়ে তো চলে গেল, তবে যেন সুবিচার পায়।”
সুকান্ত মজুমদার জানান, “পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে নির্যাতিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। শরীরের ভিতরে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি কলার বোনও ভেঙে গেছে। ঘটনাটিতে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।”
পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত সঞ্জয় রায় ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল এবং সিসিটিভি ফুটেজে তাকে হত্যাকাণ্ডের স্থলে দেখা গেছে।
এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল অর্গানাইজেশন কেন্দ্রীয় নিরাপত্তা আইন চালুর দাবি জানিয়েছে। রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন মহিলা চিকিৎসকদের শুধু দিনে ডিউটি দেওয়ার দাবি করেছে। কলকাতার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাও প্রতিবাদে যোগ দিয়েছে।
সিবিআই তদন্তের দাবি জানিয়ে আন্দোলনকারীরা দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে। এই নৃশংস ঘটনায় সাধারণ মানুষও উদ্বিগ্ন।