“পাত্র ডাক্তার, চলছিল বিয়ের প্রস্তুতি”-জানালেন মেয়ের শোকে কাতর বাবা

কলকাতার আরজি কর হাসপাতালে একজন চিকিৎসকের রহস্যময় মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
মৃত চিকিৎসকের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকের শরীরে বহুবিধ আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ সঞ্জয় রায়কে শনাক্ত করে।
তাঁর বাবা জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বিয়ে হওয়ার কথা ছিল।বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল মেয়ের। পরের বছরই বিয়ে হবে, সেই মতো চলছিল প্রস্তুতি। পাত্রও ডাক্তার। কিন্তু সেই দিন আর দেখা হল না বাবা-মায়ের।
আরজি করকাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই সঠিক বিচার হোক, ফাস্টট্র্যাক কোর্টে মামলা করে শাস্তি দেওয়া হোক। যাতে এই ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে। সিবিআই তদন্ত চাইলে আমাদের কোনও আপত্তি নেই। পুলিশ তদন্ত করছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফাঁসির পক্ষে নই। তবে শিক্ষা দেওয়ার জন্য দরকারে ফাঁসির আবেদন করব।’ জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ যুক্তিসঙ্গত বলেও এদিন মন্তব্য করেছেন মমতা।