“জুনিয়র চিকিৎসকদের দাবি যুক্তি সঙ্গত, অপরাধীর ফাঁসির দাবি করব”-সরব মমতা

কলকাতার আরজি কর হাসপাতালে একজন চিকিৎসকের রহস্যময় মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

মৃত চিকিৎসকের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকের শরীরে বহুবিধ আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।

এই ঘটনায় কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ সঞ্জয় রায়কে শনাক্ত করে।

আরজি করকাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই সঠিক বিচার হোক, ফাস্টট্র্যাক কোর্টে মামলা করে শাস্তি দেওয়া হোক। যাতে এই ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে। সিবিআই তদন্ত চাইলে আমাদের কোনও আপত্তি নেই। পুলিশ তদন্ত করছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফাঁসির পক্ষে নই। তবে শিক্ষা দেওয়ার জন্য দরকারে ফাঁসির আবেদন করব।’ জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ যুক্তিসঙ্গত বলেও এদিন মন্তব্য করেছেন মমতা।

একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে ফোনে তিনি বলেন, ‘এই মৃত্যু খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস। মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তাররা যে ক্ষোভ দেখাচ্ছেন তা সঙ্গত বলে মনে করি। তাঁরা যে দাবিগুলি করছেন সেগুলির সঙ্গে আমি একমত। তাঁরা যা দাবি শুক্রবার পর্যন্ত করেছিলেন, তা মেনে নিয়েছে পুলিশ। আমি কাল ঝাড়গ্রামে ছিলাম। রাস্তায় আসতে আসতে খবর রাখছিলাম। ওই মহিলা চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছি।’