“আমি এক ছিলাম না…’- জেল থেকে বের হয়ে আর কী বললেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিন পেয়েছেন।

জেল থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিসোদিয়া বলেছেন, “আমি বাবাসাহেব আম্বেদকরের কাছে চিরঋণী। তাঁর দেখানো পথেই আমি চলব।” তিনি আরও বলেন, “গত ১৭ মাস আমি একা ছিলাম না। দিল্লির জনগণ আমার সঙ্গে ছিল।”

সিসোদিয়ার মুক্তির খবরে তিহার জেলের বাইরে আপ কর্মীরা উল্লাস করে। তারা ‘ভারত মাতা কী জয়’ এবং ‘আম্বেদকর আমাদের নেতা’ স্লোগান দিতে থাকে।

সিসোদিয়া ডঃ বি আর আম্বেদকরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সকালে এই আদেশ আসার পর থেকে আমার ত্বকের প্রতিটি ইঞ্চি বাবাসাহেবের কাছে ঋণী বোধ করছে। বাবাসাহেবের এই ঋণ আমি কী ভাবে শোধ করব বুঝতে পারছি না।

গত ১৭ মাস ধরে আমি একা জেলে ছিলাম না, কিন্তু দিল্লির প্রতিটি বাসিন্দা এবং স্কুলের বাচ্চারা আবেগের বশে আমার সঙ্গে ছিল। আমি সুপ্রিম কোর্টকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। সংবিধানের ক্ষমতা ব্যবহার করে স্বৈরাচারের মুখে চপেটাঘাত করেছে।

সিসোদিয়া বলেন, এটি প্রত্যেকের জন্য একটি আবেগঘন মুহূর্ত এবং আশা করেন যে সংবিধান ও গণতন্ত্রের শক্তি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির পথ প্রশস্ত করবে।