পরীক্ষা দিয়ে ফিরে পুকুরে স্নান করতে নামে দুই ছাত্র, তারপরেই ঘটলো মর্মান্তিক পরিণতি!

কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের দুই সপ্তম শ্রেণীর ছাত্র, সায়ন নাথ ও উজান ঘোষ, পরীক্ষা শেষ করে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনাটি শুক্রবার ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে কয়েকজন বন্ধু মিলে পুকুরে স্নান করতে যায়। অন্যরা স্নান করে উঠে গেলেও সায়ন ও উজান আর উঠে আসেননি। তাদের ডুবে যাওয়া দেখে স্থানীয়দের খবর দেওয়া হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, তারা কোমরে থার্মোকল বেঁধে পুকুরে নেমেছিল। স্থানীয়দের সন্দেহ, এই থার্মোকলের কারণেই হয়তো তারা আর উপরে উঠতে পারেনি।

স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান, পুকুরটি স্কুল থেকে কিছুটা দূরে। পরীক্ষা শেষে ছাত্ররা সেখানে স্নান করতে যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এক ছাত্রকে পাঁচ মিনিট পর উদ্ধার করা হয়, কিন্তু আরেকজনকে দেরিতে পাওয়া যায়।

মৃত উজানের মা সোনালী ঘোষ বলেন, “স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে বলল হাসপাতালে আসতে। আমাকে দেখতে দেয়নি।”