“আমার বিয়ের দিনটা আজ মনে পড়ছে…,'”-বুদ্ধদেবের প্রয়াণে স্মৃতি কাতর অভিনেত্রী ঋতুপর্ণা

পাম অ্যাভিনিউয়ের নিজ বাসভবনেই বৃহস্পতিবার পরলোক গমন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বিদেহী দেহে শ্রদ্ধা নিবেদন করতে এসে ঋতুপর্ণা সেনগুপ্ত স্মৃতিচারণে মগ্ন।

বুদ্ধদেব বাবুকে তিনি একজন অভিভাবকের মতোই সম্মান করতেন। বিবাহের পবিত্র মুহূর্তে তাঁর আশীর্বাদ পেয়েছিলেন।একজন শিক্ষিত, দার্শনিক, এবং দৃঢ়প্রতিজ্ঞ নেতাকে হারিয়ে আমরা সকলেই শোকস্তব্ধ।

অভিনেত্রী বললেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আমি একবার হাসপাতালে দেখতেও গিয়েছিলাম। বহু স্মৃতি আজ ভিড় করে আসছে। আমার বিয়ের দিনের কথা মনে পড়ছে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধবাবু সেদিন এসেছিলেন। আমাকে আশীর্বাদ করেছিলেন তাঁরা।’

অভিনেত্রীর কথায়, ‘আসলে এইসব মানুষেরা বিরল এই পৃথিবীতে। তাঁর ত্যাগ, আইডিয়োলজি, মানসিকতা, শিক্ষা- আমাদের সমাজকে সবসময়ই আলোকিত করেছে। আজকে ওঁর মতো একজন শিক্ষিত মানুষ, এমন ব্যক্তিত্ব, বলিষ্ঠ রাজনীতিবিদ চলে গেলেন। তা ক্ষতি বলা চলে। আমাদের সমাজের জন্য যে কাজ করে গিয়েছেন, যে সম্ভার রেখে গিয়েছেন, আমার মনে হয় সেটা আমাদের কাছে খুব বড় পাওনা। একজন ডেডিকেটেড মানুষকে আমরা হারালাম।’

অভিনেত্রী বললেন, ‘এই মানুষটাকে অন্তর থেকে স্যালুট। প্রণাম জানাই তাঁকে। পরিবারের সকলকে আমার সমবেদনা। আমরা সবসময় বুদ্ধবাবুকে মনে রাখব। এবং সব কাজের মধ্যেই তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন আজীবন।’