“সম্মান দেয় কিন্তু কাজ দেয় না”,-বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে যা বললেন কুমার শানু

নব্বইয়ের দশকের সুপারস্টার গায়ক কুমার শানু আজকাল হিন্দি চলচ্চিত্রে কম কাজ করেন কেন, তা নিয়ে অনেকেই কৌতূহলী। দেশ-বিদেশে তার গানের জনপ্রিয়তা অব্যাহত থাকলেও, বলিউডে তার গানের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তাকেও বিস্মিত করে।

এক সাক্ষাৎকারে শানুদা জানান, ইন্ডাস্ট্রির সবাই তাকে সম্মান করলেও, তার গান কেন কম ব্যবহার হচ্ছে তা তিনি বুঝতে পারেন না। তিনি বলেন, “মানুষ আমার গান শোনে, ভালোবাসে, কিন্তু হিন্দি ছবিতে আমার কণ্ঠ কেন ব্যবহার করছে না তা আমি জানি না।”

তিনি আরও বলেন, “আমি যখনই মানুষের সামনে যাই, সবাই আমাকে অনেক ভালোবাসা দেয়। কিন্তু এই মানুষগুলি কেন আমাকে গান গাওয়ার সুযোগ দেয় না? জানিনা, মানুষের এই ভালোবাসা সত্যি কি না।”

শানুদা মনে করেন, ইন্ডাস্ট্রি যদি তার মতো গায়কদের প্রতি সচেতন হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির মানুষ যদি বোঝে, যা ভালো কথা। অন্যথায় তাদের ভাগ্য খারাপ।”