“মতাদর্শগতভাবে ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে তাঁকে আমি অত্যন্ত সম্মান করতাম”-সুকান্ত

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। বৃহস্পতিবার সকালে তিনি দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেবের বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, “বুদ্ধদেববাবুর মৃত্যু রাজ্যের জন্য এক বড় ক্ষতি। তাঁর সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে।” মমতা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং বিধানসভায় বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা বলেছেন।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, ‘এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমাদের দলের তরফ থেকে সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে তাঁকে আমি অত্যন্ত সম্মান করতাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর আত্মার সদ্গতি হোক। এই কষ্টের সময় তাঁর পরিবারকে ঈশ্বর যেন শক্তি প্রদান করেন।’