মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরের দেওয়াল ধসে মৃত ৯ শিশু, আহত বেশ কয়েকজন

মধ্যপ্রদেশের সাগর জেলার সানোধা থানা এলাকায় অবস্থিত হরদয়াল বাবা মন্দিরে রবিবার সকালে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শিবলিঙ্গ নির্মাণের সময় মন্দিরের একটি পুরানো দেওয়াল ধসে পড়ায় ৯ জন শিশু নিহত হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের দেহ উদ্ধার করার চেষ্টা করছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে শিবলিঙ্গ নির্মাণের একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা মন্দির চত্বরে বসে শিবলিঙ্গ তৈরি করছিল। এ সময় হঠাৎ করে মন্দিরের পুরনো দেওয়ালটি ধসে পড়ে এবং শিশুরা তার নিচে চাপা পড়ে যায়।
ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বলেন, ‘আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে আশা রাখি। যেসব পরিবার তাঁদের শিশুদের হারিয়েছেন তাঁদের সমবেদনা। সরকারের তরফে ৪ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।’