SPORTS: সিরিজের আগে বড় ধাক্কা খেল শ্রীলংকা, আরও এক পেসার পারবেন না খেলতে

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শ্রীলংকা। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। এর আগে বুধবার অসুস্থতার জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার দুশমন্ত চামিরা। এবার চোটে পড়ে ছিটকে গেলেন দলের গুরুত্বপূর্ণ আরেক পেসার নুয়ান থুসারাও। শক্তিশালী ভারতের বিপক্ষে দুই তারকা পেসারকে হারানো লঙ্কানদের জন্য বড় ধাক্কাই বটে।
লঙ্কান দলের ম্যানেজার মাহিন্দ হালাগোদা ‘ক্রিকইনফো’কে নিশ্চিত করেছেন, ‘যে হাতে আঘাত লেগেছে, সে হাতে বোলিং করেন না থুসারা। তারপরও তিনি ছিটকে গেছেন।’
এদিকে চামিরা অসুস্থতার কারণে নিজেকে সরিয়ে নেয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে আসিথা ফার্নান্ডোকে বেছে নিয়েছে শ্রীলংকা। তবে থুসারার বদলির নাম এখনও ঘোষণা করা হয়নি।
ধারণা করা হচ্ছে, দিলশান মাদুশঙ্কা দলে আসতে পারেন।
চলতি বছর শ্রীলংকার টি-২০ দলের নিয়মিত পারফরমার থুসারা। টি-২০ বিশ্বকাপে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা বোলারদের মধ্যে ছিলেন তিনি। চলতি বছরই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকসহ ২০ রানে ৫ উইকেট নিয়ে সাড়া ফেলেন থুসারা। তার ছিটকে পড়া লঙ্কানদের জন্য তাই বড় ধাক্কা।