SPORTS: সৌদিতে রোনালদোর বেতন আকাশছোঁয়া, নেইমার-বেনজেমার কত?

বছর দুয়েক আগেও সৌদি প্রো লিগ নিয়ে ফুটবলপ্রেমীদের তেমন কোনো আগ্রহ ছিল না। তবে গত বছরের শুরু থেকে সেই চিত্র বদলাতে শুরু করে। কারণ, সবাইকে চমকে দিয়ে অখ্যাত সৌদি পেশাদার ফুটবল লিগের দল আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ত্রাস হিসেবে আবির্ভূত হয় সৌদি লিগ।
রোনালদোর সৌদি লিগে পাড়ি দেওয়ার পর থেকে একে একে লিগটিতে নাম লেখান করিম বেনজেমা, নেইমার, রবার্তো ফিরমিনো, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজের মতো তারকারা। মূলত দেশটির ফুটবলে হঠাৎ আসা অর্থের ঝনঝনানি আকর্ষণ করেছে বর্তমান ফুটবলের এই তারকাদের।
লিগটিতে খেলে রোনালদো-নেইমাররা যে পরিমাণ আয় করছে তা চোখ কপালে তুলে দেয়। বিশ্বের আর কোনোখানেই ফুটবল খেলে এই পরিমাণ অর্থ এতো কম সময়ে আয় করা প্রায় অসম্ভব। ফলে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা তারকাদের তো বটেই, অনেক উঠতি তারকাকেও লিগটিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা।
সম্প্রতি কাপোলোজি প্রকাশ করেছে সৌদি লিগে খেলা তারকাদের বেতনের তথ্য। সেখানে দেখা যাচ্ছে, আয়ের ক্ষেত্রে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর ধারেকাছে কেউ নেই। সৌদি লিগের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় তিনিই।
কাপোলোজি জানাচ্ছে, রোনালদো সৌদি লিগে খেলে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণটা দাঁড়ায় ২ হাজার ৫৪৯ কোটি ৯৩ লাখ টাকারও বেশি। লিগের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী নেইমার ও করিম বেনজেমার দ্বিগুণ অর্থ বেতন হিসেবে পাচ্ছেন রোনালদো।
নেইমার এবং বেনজেমা যথাক্রমে আল হিলাল ও আল ইত্তিহাদে ১০০ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ২৭৪ কোটি ৮৮ লাখ টাকারও বেশি।
বেতনের দিক থেকে এর পরেই আছেন আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় মাহরেজ বছরে ৫২.৫ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন। সেরা পাঁচের বাকি নাম দুটি সাদিও মানে ও কালিদু কৌলিবালির। তারা দুজন যথাক্রমে পাচ্ছেন ৪০ মিলিয়ন ও ৩৪.৭ মিলিয়ন ইউরো।
সৌদি প্রো লিগে ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে বেশ কয়েকজন তারকাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। যে তালিকায় আছেন কেভিন ডি ব্রুইন, অ্যালিসন বেকার, এদারসন ও ক্যাসেমিরোর মতো তারকার নাম। এছাড়া চলতি মৌসুমে এরই মধ্যে আল নাসর দলে টেনেছে ব্রাজিলের গোলরক্ষক বেন্তোকে।