হাঙরের হামলায় ছিন্ন হওয়া পা ভেসে এলো সমুদ্র সৈকতে, দেখে অবাক সকলে

অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে পা হারিয়েছেন কাই ম্যাকেঞ্জি নামের এক সার্ফার। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) পোর্ট ম্যাককোয়ারিতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর ছিন্ন হওয়া সেই পা ঢেউয়ের তোড়ে সমুদ্র সৈকতে ভেসে এসেছে। ম্যাকেঞ্জির সেই পা পুনরায় সংযুক্ত করা যায় কি না, তা ভাবছেন চিকিৎসকরা।
বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২৩ বছর বয়সী ম্যাকেঞ্জি সমুদ্র সৈকতে সাফিংয়ের সময় একটি ৯.৮ ফুটের একটি বড় সাদা হাঙর তাকে কামড় দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি তীরে ওঠতে সক্ষম হলে এক পুলিশ সদস্য তার রক্তপাত বন্ধ করতে একটি অস্থায়ী ব্যান্ডেজ করে দেন।
কর্তৃপক্ষ আরো জানায়, ম্যাকেঞ্জির বিচ্ছিন্ন পা কিছুক্ষণ পর তীরে দেখা যায়। পরে স্থানীয়রা সেটি বরফে রেখে দেয়। সেই বিচ্ছিন্ন পা হাসপাতালে নিলে চিকিৎসকরা সেটি অস্ত্রপচার করে সংযুক্ত করা যায় কি না তা পরীক্ষা করছেন।
জরুরি পরিষেবার তথ্য মতে, ম্যাকেঞ্জি একজন স্পনসরড সার্ফার। তার অবস্থা গুরুতর, কিন্তু তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
এই ঘটনায় দ্রুত পদক্ষেপের জন্য ম্যাকেঞ্জিকে উদ্ধার করা ওই পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এনএসডাব্লিউ অ্যাম্বুলেন্সের কিরান মাউব্রে জানান, ম্যাকেঞ্জিকে বাঁচাতে তিনি ব্যান্ডেজ করে দিয়েছিলেন। আক্রমনের পরও ম্যাকেঞ্জিকে শান্ত ও স্বাভাবিক থাকতে দেখেন তিনি।
ঘটনার পরপরই ম্যাকেঞ্জিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নিউক্যাসলের জন হান্টার ট্রমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় তার বিচ্ছিন্ন পাও সেখানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর ম্যাকেঞ্জির পরিবারকে তার চিকিৎসা ও পুনর্বাসন ব্যয়ে সাহায্য করার জন্য একটি তহবিল সংগ্রহ করা হচ্ছে। বুধবার পর্যন্ত সেখানে ৭৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, অত্যন্ত প্রখর এ সার্ফার এর আগে ঘাড়ে আঘাত পেয়েছিলেন। ফলে দীর্ঘ সময় খেলা থেকে দূরে ছিলেন।
যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণ বেশি। তবে সে তুলনায় প্রাণঘাতী আক্রমণ খুবই কম।