SPORTS: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার বিষয়টি আইসিসির কোর্টে ঠেলে দিল পাকিস্তান

আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক পাকিস্তান। আয়োজক হিসেবে ঘরের মাঠেই টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেটে অনুমোদন দিয়েছে আইসিসি। কিন্তু শ্রীলংকার কলম্বোয় আইসিসির বার্ষিক কনফারেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে কিছুই আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাৎ হলেও আলাদা করে কথা হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে।

পিসিবি সূত্রে জানানো হয়েছে, আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই খসড়া সূচি, কোন স্টেডিয়ামে খেলা হবে, ভারত খেলতে গেলে পাকিস্তান সরকারের যে আপত্তি নেই, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আইসিসিকে দেওয়া হয়েছে।

পিসিবি মনে করছে, এখন আইসিসিরই কাজ সূচি নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করা। ভারতের ম্যাচ এবং ভারতীয় দল সেমিফাইনাল ও ফাইনালে উঠলে তা লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি।

কিন্তু ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে নারাজ। বিরাট কোহলিরা পাকিস্তানে না গেলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হতে পারে, তার জন্য বাজেটও ধরে রেখেছে আইসিসি। এই পরিস্থিতিতে পিসিবি চাইছে ভারত খেলবে কিনা তা বিসিসিআইয়ের কাছ থেকে আইসিসিই জানুক।

ভারত ও শ্রীলংকার সঙ্গে যৌথবাবে ১৯৯৬ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। এই প্রথম পিসিবি এককভাবে আইসিসির বড় মাপের টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে।

পিসিবি সূত্রে দাবি, কলম্বোয় বৈঠকের ফাঁকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মীরওয়াইস আশরফ ও সিইও নসিব খান পিসিবি চেয়ারম্যান নাকভিকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আফগানিস্তান।