“১০ লক্ষ চাকরি প্রস্তুত রয়েছে”,-চাকরিহারাদের নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন রাজ্য সরকার চাকরি দিতে চাইলেও বিরোধীরা মামলা করে বাধা দিচ্ছে। আর ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে আবারও একই অভিযোগ তুলেছেন মমতা। বেকারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।
রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি প্রস্তুত রয়েছে। একটা কাজ করতে যাচ্ছি, তো আদালতে গিয়ে পিআইএল করছে। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই। কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও।’
মমতার বার্তা, ‘কারও চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। আমরা লড়াই চালিয়ে যাব। ২ কোটির উপরে মানুষকে আমরা ওবিসি সার্টফিকেট দিয়েছি। তারা নিজের পায়ে দাঁড়িয়েছে।’
সম্প্রতি, সুপ্রিম কোর্টে এসএসসি-র চাকরি বাতিল মামলার শুনানি ৩ সপ্তাহের জন্য পিছিয়ে গেছে। গত ১৬ জুলাই মঙ্গলবার, আদালত ৩ সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি নির্ধারণ করে। ফলে, আপাতত ঝুলে রয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ।
গত ১৬ জুলাইয়ের শুনানিতে, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলার সমস্ত নথি আরও গুছিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। নথিতে কবে কোন অভিযোগ জমা পড়েছে, এবং এর আগে কোনদিন আদালত কী নির্দেশ দিয়েছে, তার বিস্তারিত টাইমলাইন রাখার নির্দেশ দেওয়া হয়। এই গোটা প্রক্রিয়াটির জন্য কয়েকজনকে দায়িত্বও দেওয়া হয়েছে।
আদালতের আরও নির্দেশ অনুযায়ী, ২ সপ্তাহের মধ্যে ৫ পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে হবে। সেই সমস্ত তথ্য জমা দিলে, তারপরই হবে শুনানি।