‘অল্পের জন্য রক্ষা পেয়েছি’! লাইনচ্যুত বগির পাশ থেকে ভিডিয়ো করে জানালেন যাত্রী

জুনের পর আবারও ট্রেন দুর্ঘটনায় কাঁপল দেশ। এবার লাইনচ্যুত হল চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস। দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২ টি কামরা। ট্রেনের তিন থেকে চারটি কামরা সম্পূর্ণ উল্টে যায় ট্র্যাকের উপর।

ট্রেনটি বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়ে ডিব্রুগড় যাচ্ছিল।বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনের কাছে হঠাৎ বিকট শব্দ শুনতে পান যাত্রীরা।এরপরই কাঁপতে শুরু করে ট্রেনটি এবং একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়।যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়।
চারটি এসি কামরা ট্র্যাক থেকে সম্পূর্ণ নেমে যায়।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা।উদ্ধারকাজের তদারকি করছেন তাঁরা।৪০ সদস্যের মেডিক্যাল টিম এবং ১৫টি অ্য়াম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঠিক কী কারণে এই দুর্ঘটনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

এই দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক যাত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ওই ভিডিয়োয় তিনি বলেছেন, ‘দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন’

ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলার আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।রেলের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য।

অন্যান্য প্রভাব:
ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।১৫৭০৭ কাটিহার-অমৃতসর এক্সপ্রেস পথ পরিবর্তন করে মনকাপুর-অযোধ্যা-বারাবঁকি হয়ে চলবে।১৫৬৫৩ গুয়াহাটি-কাটরা এক্সপ্রেসও নিয়মিত যাত্রাপথ বদলে মনকাপুর-অযোধ্যা-বারাবঁকি হয়ে চলবে।