নির্বাচন থেকে সরে যেতে পারেন, এই প্রথম জানালেন প্রেসিডেন্ট বাইডেন

শারীরিক অবস্থার অবনতি হলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পুনর্বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুলাই) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।
কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতিশীল সংবাদমাধ্যম বেট-কে মঙ্গলবার দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমার শারীরিক অবস্থার যদি অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন— আপনার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে….তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।
এই প্রথম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন ৮১ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। আর এই সাক্ষাৎকার দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জানান, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে মৃদু উপসর্গে ভুগছেন।
চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। বয়সজনিত কারণে ডেমোক্রটিক পার্টির অনেকেই প্রকাশ্যে-অপ্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। অতি সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির সিনেটর এবং বাইডেনের বিশেষ আস্থাভাজন অ্যাডাম শ্চিফও তাকে ‘নির্বাচনের মশাল অন্যের হাতে তুলে দেয়ার’ আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, আমি (প্রার্থিতা) সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার সময় এত কিছু ভাবিনি। আমার ধারণাতেও ছিল না যে এই ব্যাপারটি নিয়ে (দলের ভেতর) এই মাত্রার দ্বিধা-বিভক্তির সৃষ্টি হবে।
সূত্র: সিএনবিসি