BigNews: অবশেষে গ্রেপ্তার কুলতলির সাদ্দাম সর্দার, পুলিশের নজরে এক সিপিএম নেতাও

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন কুলতলিকাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। কুলতলির ঝুপড়িপাড়ার বানিরধল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার রাতে, কুলতলী থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে বানিরধল এলাকায় অভিযান চালায়।সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ির আলা ঘরে আশ্রয় নিয়েছিলেন সাদ্দাম।সেই আলা ঘর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাদ্দামের বিরুদ্ধে নকল সোনার কারবার, ডাকাতি, এবং আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে নকল মূর্তি বিক্রি করার অভিযোগ রয়েছে।পুলিশের দাবি, সাদ্দাম গত ১৫ বছর ধরে নকল সোনা বিক্রির ব্যবসা চালাচ্ছিলেন।সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তিনি মূলত ব্যবসায়ীদের টার্গেট করতেন।নির্জন স্থানে ডেকে নকল মূর্তি বিক্রি করে অথবা ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন।

সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ধাতু গলানোর যন্ত্র।পুলিশের অনুমান, সাদ্দাম আগে থেকেই পালানোর জন্য একটি গোপন সুড়ঙ্গ তৈরি করে রেখেছিলেন।
এই সুড়ঙ্গটি তার স্টিলের খাটের নীচে লুকিয়ে ছিল এবং ১৫ ফুট দূরের একটি খালের সাথে যুক্ত ছিল।পুলিশ হামলার পর থেকেই সাদ্দামের খোঁজে তল্লাশি চলছিল।