শুভেন্দুর ‘সেমসাইড গোল’-এ বিভক্ত বিজেপি? দলের অন্দরেই চলছে বিতর্ক

বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে শুভেন্দু অধিকারী বলেন, ‘সব কা সাথ, সব কা বিকাশ আর বলব না।’ তাঁর সংযোজন, ‘বলব যো হামারে সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা (সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই)।’

নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেন শুভেন্দু। তিনি বলেন, ‘আমি বিজেপির গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে এটাই বলতে চেয়েছি, বাংলায় শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। ১০০ জনের মধ্যে ৯১ জন ২০২১ সালে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়কে। এবার ৯৫ শতাংশ মুসলিম তাদের ভোট দিয়েছে। তাই আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য করেছি।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে ভারত সরকারের উন্নয়নের কাজ বা প্রধানমন্ত্রী স্লোগান সব কা সাথ সব কা বিকাশের কোনও সম্পর্ক নেই। এটি রাজনৈতিক মঞ্চ ছিল। আমি বলেছি বিজেপির রাজনৈতিকভাবে তাঁদের সঙ্গে থাকা উচিত যাঁরা আমাদের সঙ্গে আছে।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট বললেন, “শুভেন্দু অধিকারীর মন্তব্য দল অনুমোদন করে না।শুভেন্দুর মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। “