“চাকরি চাওয়া কি অপরাধ?”-কোটা আন্দোলনে মেধাবী সন্তানকে হারিয়ে আর্তনাদ মায়ের

কোটা সংস্কার আন্দোলনের তীব্র সংঘর্ষে মঙ্গলবার বাংলাদেশে মোট ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। নয় ভাইবোনের মধ্যে সাঈদ ছিলেন সবচেয়ে মেধাবী।
আন্দোলনকারীরা এবং আবুর পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, মঙ্গলবার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে।
এই অকাল মৃত্যুতে বুকফাটা কান্না মা মানোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন। তারা জানিয়েছেন, আবুর মৃত্যুতে তাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। একই সাথে তাদের প্রশ্ন, “চাকরি চাওয়া কি অন্যায়?”
আবু সাঈদের মৃত্যু ঘটেছে এমন এক সময়ে যখন কোটা সংস্কার আন্দোলন জুড়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ চলছে। ছাত্ররা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
আবু সাঈদের মৃত্যু এই আন্দোলনকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্রামের বাসিন্দা আমির হোসেনসহ সবারই দাবি, ‘আমাদের গ্রামে আবুর মতন এত ভালো ছেলে আর কেউ নেই’।
আবুর মৃত্যুর খবর পাওয়ার পরে বারেবারে মূর্ছিত হয়ে পড়ছেন তাঁর বাবা-মা। তিনি বলেন, ‘আমার ছেলে তো কাউকেই মারতে যায়নি। তাহলে তাঁকে পুলিশ গুলি করে মারল কেন ? চাকরি চাওয়া কি অপরাধ?’
দিদি মমতা বেগম বলেন, ‘পরিবারের সব থেকে মেধাবী ছিল আবুই। তাঁকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। তাঁর মৃত্যুতে সব কিছু শেষ হয়ে গেল।’