মুখ্যমন্ত্রী মমতার শোকপ্রকাশ, পুত্রশোকে কাতর হলেও গর্বিত শহিদ জওয়ানের বাবা

দার্জিলিঙের লেবং গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার দেশা অঞ্চলে জঙ্গিদের সাথে লড়াইয়ে শহিদ হয়েছেন।

সোমবার রাতে, ভারতীয় সেনা জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের তল্লাশি চালাচ্ছিল।এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা।জঙ্গিদের সাথে তুমুল গুলির লড়াইয়ে তিনি শহিদ হন।

ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যুতে শোকাহত তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়রা।তার বাবা ভুবনেশ থাপা, একজন প্রাক্তন কর্নেল, বলেছেন, “আমার ছেলে দেশ রক্ষায় শহিদ হয়েছে। আমার কোনও আক্ষেপ নেই।”ক্যাপ্টেন ব্রিজেশের মায়ের কান্না থামছে না।তার বোন নিকিতা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। এই সংবাদ পেয়ে তিনি দেশে ফিরছেন।

ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ২০১৯ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন।তিনি ১০ রাষ্ট্রীয় রাইফেলসে দু’বছর মোতায়েন ছিলেন।এরপর তাকে জম্মু ও কাশ্মীরের ডোডা সেনা ছাউনিতে বদলি করা হয়।সেখানে তিনি এ-কোম্পানির কমান্ডার ছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আরও অনেকে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দার্জিলিঙে বুধবার শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য সম্পন্ন হবে।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেছেন, “বিজেপি সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছেন ভারতীয় জওয়ানরা ও তাঁদের পরিবারের সদস্যরা।”