ডোডা হামলার দায় স্বীকার করলো কাশ্মীর টাইগার্স, কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধী

জম্মু ও কাশ্মীরের ডোডায় সোমবার রাতে সন্ত্রাসবাদী এনকাউন্টারে এক সেনা অফিসার এবং তিনজন জওয়ান শহীদ হয়েছেন। সোমবার রাতে ডোডার ঘন জঙ্গলে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ৫ সেনাসদস্য গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সন্ত্রাসবাদী নিকেশ অভিযান এবং ডোডায় এনকাউন্টারের বিবরণ সম্পর্কে কথা বলেছেন।
মঙ্গলবার হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সহযোগী কাশ্মীর টাইগার্স। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি শহিদ সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, একই সঙ্গে চার সেনা জওয়ানের শহিদ হওয়ার খবরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তার মতে, বিজেপি সরকারের ভুল নীতির ফল ভোগ করছে ভারতীয় সেনা ও তাদের পরিবার।
এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, ‘জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের শহিদ হয়েছেন দেশের জওয়ানরা। শহিদ জওয়ানদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা। একের পর এক জঙ্গি নিকেশ অভিযান জওয়ানদের শহিদ হওয়ার ঘটনা সত্যি উদ্বেগের। জম্মু-কাশ্মীরে একটানা সন্ত্রাসবাদী হামলাই প্রমাণ সেখানকার পরিস্থিতি তথৈবচ।’