কানে ব্যান্ডেজ নিয়েই জনসমক্ষে এলেন ট্রাম্প, জনতাদের দিলেন বার্তা

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে হাজির হতে দেখা গেল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার শিকার হওয়ার পর সোমবার (১৫ জুলাই) প্রথম জনসমক্ষে এলেন ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০ টায় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের ভেন্যু মিলওয়াকিতে পৌঁছান। ভেন্যুতে পৌঁছেই সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
ছবিতে দেখা যায়, ট্রাম্পের ডান কানে বড় একটি ব্যান্ডেজ। ব্যান্ডেজটি দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান। সম্মেলনে ট্রাম্পকে হাসিখুশি, উচ্ছল ভঙ্গিতে দেখা গেছে। তার উপস্থিতি ছিল সরব।
সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে কনভেনশন ২ দিন পেছানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে সায় দেয়নি ডোনাল্ড ট্রাম্প। হামলার পরদিনই সম্মেলনে যোগ দিতে মিলওয়াকি পৌঁছান তিনি। সম্মেলনের মঞ্চেই উঠেই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে আবারো সাহস যোগান দলকে।
সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। তার রানিং মেট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স।
গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।