“সবাই আমার নিন্দা করেছিল, এখন ওর নেতৃত্বেই বিশ্বকাপ জিতল”-সৌরভ গাঙ্গুলি

দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ ঘুচে আইসিসির শিরোপা উৎসবে মেতেছে ভারতীয় ক্রিকেট দল। নবম টি-২০ বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। কুড়ি ওভারের সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই সরে দাঁড়িয়েছেন তিনি। তারা সঙ্গে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি শেষে সম্পর্ক ছিন্ন করেছেন কোচ রাহুল দ্রাবিড়ও।
বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কোচ এই দু’জনকে দায়িত্ব দেওয়ার পিছনে যেই ব্যক্তির সবথেকে বড় অবদান রয়েছে তিনি সৌরভ গাঙ্গুলি। সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভের হাত ধরেই দু’জন দায়িত্ব নেন।

২০২১ সালে বিরাট কোহলি টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর, ওয়ানডে দলের নেতৃত্বও তার থেকে কেড়ে নেয়া হয়েছিল। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল সেই সময়ে। বিসিসিআইর তৎকালীন সভাপতি সৌরভ সৌরভ গাঙ্গুলি সঙ্গে কোহলি বিবাদে জড়িয়ে পড়েছিলেন। যা প্রকাশ্যে এসে পড়েছিল।

সৌরভ দাবি করেছিলেন, কোহলিকে তিনি তার টি-২০ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। কিন্তু বিরাটের দাবি ছিল, এই ধরণের কিছুই তাকে বলা হয়নি। এর মধ্যে রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়। এরপর কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরেই ভারতের টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। তখন বিতর্ক আরও তীব্র হয়।

এই ঘটনা স্মরণ করে এক সাক্ষাৎকারে মুখ খুললেন সৌরভ। তিনি বলেন, ‘আমি যখন রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়কত্ব দিই, সবাই আমার নিন্দা করেছিল। এখন ভারত রোহিতের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছে, এখন সবাই আমার বিরুদ্ধে বলা বন্ধ করে দিয়েছে। এমনকি সবাই ভুলে গিয়েছে যে রোহিতকে অধিনায়ক করার পিছনে আমিই ছিলাম।’

সম্প্রতি রিকি পন্টিংকে কোচের পদ থেকে বরখাস্ত করে দিল্লি ক্যাপিটালস। আর সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে আছেন। দলটির জন্য নতুন কোচ খো&জা নিয়ে তিনি বলেন, ‘আমি পরবর্তী আইপিএলের জন্য পরিকল্পনা করছি। আমি চাই দিল্লি ক্যাপিটালস এবার জিতুক। আমি একজন ভারতীয়কে প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব। আমি হেড কোচ হিসাবে নতুন খেলোয়াড় আনব।’