চাকরিপ্রত্যাশী তরুণ টি-শার্টে লিখলেন নিজের বায়োডাটা, অতঃপর…যা ঘটলো?

চাকরি নামের সেই সোনার হরিণকে বাগে আনতে কতজনই না কতকিছু করেছে! তবে কজনই বা সফল হয়েছেন। চাকরি খুঁজতে খুঁজতে হতাশাগ্রস্ত হয়ে আবার কেউ কেউ ঘটিয়েছেন অবাক কাণ্ড। তেমনই এক ব্যক্তিক্রমী ঘটনার জন্ম দিলেন চীনের এক তরুণ।
সাউথ চায়না মনিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিদাতাদের নজরে পড়তে নিজের পোশাকেই জীবনবৃত্তান্ত ছাপিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন সং জিয়ালি। তার বয়স ২১।
জানা গেছে, হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করেছেন। এবার স্নাতকোত্তরের পড়াশোনা শুরুর পালা। এর আগে কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ করতে চাইছিলেন সং। তবে বিভিন্ন জায়গায় আবেদন করেও সাড়া পাননি তিনি। এ নিয়ে একরকম হতাশ হয়ে পড়েছিলেন সং।
তবে হতাশা থেকে সংয়ের মাথায় এক বুদ্ধির উদয় হয়। তিনি ভাবলেন, অনেকেই নিজেদের পণ্য বিক্রি করতে পোশাকে বিজ্ঞাপন ছেপে রাস্তায় ঘুরে বেড়ান। চাকরি পেতে তিনিও একই পথ ধরবেন। তবে পণ্যের বিজ্ঞাপনের বদলে পোশাকে ছাপবেন নিজের জীবনবৃত্তান্ত।
এরপরই জীবনবৃত্তান্ত ছাপা টি-শার্টে রাস্তায় দেখা যায় সংকে। টি-শার্টের সামনের অংশে লেখা ছিল, ‘২০২৪ সালের একজন শিক্ষার্থী চাকরি খুঁজছেন। বিস্তারিত জানতে পেছনে দেখুন।’ আর পেছনে ছাপা ছিল সংয়ের জীবনবৃত্তান্ত। তাতে ছিল তার নাম, ছবি, বিশ্ববিদ্যালয়ের নাম, পড়াশোনার বিষয় এবং শিক্ষার্থী হিসেবে তার নানা কর্মকাণ্ডের হিসাব। তিনি মজা করে এও লিখেছেন, ‘জীবনসঙ্গী খোঁজার মতোই চাকরি খোঁজা কঠিন।’
তবে একটু চালাকি করে টি-শার্টে একটি কিউআর কোডও যুক্ত করেছিলেন সং। পাশে লেখা ছিল, ‘মানবসম্পদ বিভাগের যাদের আমার এই কৌশল ভালো লেগেছে, তারা এই কিউআর কোড স্ক্যান করে যোগাযোগ করতে পারেন।’
তবে সংয়ের এ বুদ্ধি কাজে এসেছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেছিল। শেষ পর্যন্ত পোশাক খাত নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ হিসেবে তিনি কাজ শুরু করেছেন।