মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকারের কইভোলা, জেনেনিন বিক্রি হলো কত দামে?

দিঘার মোহনায় শনিবার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে একটি বিরাট আকারের কইভোলা। প্রায় দুই ক্যুইন্টাল ওজনের এই মাছটি ৭২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

কয়েকদিন আগেই সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মৎস্যজীবীরা আবারো সমুদ্রে নেমেছেন। বর্ষায় ইলিশ না ওঠায় চিন্তিত ছিলেন অনেকেই। কিন্তু এই বিরাট কইভোলা ধরা পড়ায় খুশি মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয়রা।

ওডিশার একটি ট্রলারে ধরা পড়েছিল এই বিরাট কইভোলা। ভুবনচন্দ্র বেরার কাঁটায় মাছটি নিলামে বিক্রি হয়।

বিক্রেতা ভুবনচন্দ্র বেরা বলেন, “মাছটি নিয়ে বেশ উৎসাহ ছিল। এই মাছ খেতেও অনেক সুস্বাদু। ৭২ হাজার টাকায় তা বিক্রি হয়েছে।”

কয়েক মাস আগেও দিঘায় মৎস্যজীবীদের জালে উঠেছিল একটি তেলিয়া ভোলা। ১৮ কেজি ওজনের ওই মাছটি বিক্রি হয়েছিল ৭৫ হাজার টাকায়।

এই মুহূর্তে দিঘায় ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। বৃষ্টি কম হওয়ায় ইলিশ জালে ধরা দিচ্ছে না বলে মৎস্যজীবীদের ধারণা।

অন্যদিকে, ডিআরডিও-র পরীক্ষার জন্য ১৭ থেকে ১৯ জুলাই এবং ২৪ থেকে ২৬ জুলাই দিঘার সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকবে। মিশাইল উৎক্ষেপণের ফ্লাইট ট্রায়ালের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ মৎস্যজীবীরা।

জুনপুট মিশাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরির বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন মৎস্যজীবীরা। তাদের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।