অমানবিক রেল! স্টেশনেই পড়ে রইল ট্রেনের ধাক্কায় জখম বৃদ্ধ, দেওয়া হলো না জলও

শনিবার সকালে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে এক অমানবিক ঘটনা ঘটে গেছে। ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্লাটফর্মে ফেলে রাখে জিআরপি। হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা, জল পর্যন্ত দেওয়া হয়নি তাকে। বারবার জল চাইতে চাইতেই প্লাটফর্মে মৃত্যুবরণ করেন বৃদ্ধ।
সকালে, অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধ ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানে পড়ে যান।রেল লাইনের চাকায় পড়ে তার হাত ও পা কেটে যায়।
দীর্ঘক্ষণ তাকে রোদের মধ্যে প্লাটফর্মে শুইয়ে রাখে জিআরপি।বারবার জল চাইলেও তাকে তা দেওয়া হয় না।
এমনকি যাত্রীরা যখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে, তখন তাদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।চিকিৎসার অভাবেই প্লাটফর্মে মৃত্যুবরণ করেন বৃদ্ধ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাংবাদিকরা।কিন্তু তাদেরকেও হুমকির মুখে পড়তে হয়। তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে জিআরপি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সময়মত চিকিৎসা পেলে বৃদ্ধের প্রাণ বাঁচানো সম্ভব ছিল।
রেল পুলিশের গাফিলতির জন্যই এই মৃত্যু বলে অভিযোগ যাত্রীদের।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।তবে এই অমানবিক ঘটনার ব্যাপারে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ।