হকার ও বেআইনি নির্মাণ নিয়ে উত্তপ্ত পুরসভার অধিবেশন, ফিরহাদ হাকিম জানালেন স্পষ্ট বার্তা

শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে হকার এবং বেআইনি নির্মাণ নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সজল ঘোষ তার প্রস্তাব উত্থাপনের সময় বলেন, “হকার উচ্ছেদের ফলে বহু মানুষ বেকার হচ্ছেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। পুরসভা বিভিন্ন এলাকায় আলাদা আলাদা নীতি প্রয়োগ করছে।”

এই বক্তব্যের পরেই অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। শাসক দলের কাউন্সিলার জসিমুদ্দিন, মেয়র পারিষদ স্বপন সমদ্দার এবং প্রবীণ কাউন্সিলার তপন দাশগুপ্ত সজল ঘোষের বক্তব্যের বিরোধিতা করে তীব্র সমালোচনা করেন। চেয়ারপার্সন মালা রায় তাদের শান্ত করার চেষ্টা করেন।

মেয়র ফিরহাদ হাকিম জানান যে, কলকাতায় কোন হকার উচ্ছেদ করা হয়নি, বরং তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফুটপাথের এক চতুর্থাংশ জায়গায় হকারদের ব্যবসা করার অনুমতি দেওয়া হবে, বাকি অংশ যাতে মানুষ হেঁটে চলাচল করতে পারেন।

তিনি আরও বলেন, “পাঁচ দফায় হকার সমীক্ষা রিপোর্ট জমা পড়েছে। রিপোর্ট পর্যালোচনা শেষে তা নবান্নে পাঠানো হবে। এরপর সারপ্রাইজ ভিজিট করা হবে।” ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী, শহরে হকারের সংখ্যা দুই লক্ষেরও বেশি। তবে, গত নয় বছরে কত নতুন হকার বৃদ্ধি পেয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি হকার নিয়ন্ত্রণ কমিটির সদস্য, মেয়র পারিষদ দেবাশিস কুমার।

উল্লেখ্য, বেআইনি নির্মাণ নিয়েও অধিবেশনে আলোচনা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “আমরা বেআইনি নির্মাণের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছি। অবৈধ নির্মাণ যেখানেই দেখা যাবে, তা ভেঙে ফেলা হবে।”