Weather: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কবে কমবে বৃষ্টি?

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে জনজীবন ব্যাহত। শনিবারও রাজ্যের উত্তরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শনিবার বেশি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বিকেলের পর থেকে এবং সোমবার থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার সন্ধ্যার পর থেকে ক্রমশ কমতে থাকবে বৃষ্টি।
কলকাতায় দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের যেকোনো সময় দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে।