SPORTS: রোহিত শর্মা নিয়েছেন অবসর, ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে যে ৪ জন

নবম টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। এই শিরোপার মধ্যে দিয়ে ১৭ বছর পর এই সংস্করণে দ্বিতীয়বার চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে দলটি। সদ্য শেষ হওয়া আসরটিতে রোহিত শর্মার হাত ধরে শিরোপা উচ্ছ্বাস করেছে মেন ইন ব্লুজরা।
ভারতকে শিরোপা জেতানোর পরপরই টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। অবসরের পাশাপাশি তার অধিনায়কত্বেরও অবসান ঘটে। রোহিতের বিদায়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে কার হাতে উঠবে ভারতের নেতৃত্ব এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারো মতে পেসার বুমরাহ, কারো মতে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

তবে এই ফরম্যাটে নেতৃত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি সম্ভাবনা হার্দিক পান্ডিয়ার। সেই সঙ্গে আরো ৩ জনকেও বিবেচনা করা হচ্ছে নেতৃত্বের জন্য বলে জানিয়েছে বিসিসিআই।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমে ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য যতীন পরাঞ্জপের বরাত দিয়ে জানানো হয়, চারজন রয়েছেন ভারতের নেতৃত্ব পাওয়ার দৌড়ে। যে তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ট, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। কাকতালীয় বিষয় সিনিয়র ক্রিকেটার এবং নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেও অধিনায়কের বিবেচনায় নাম নেই তারকা পেসার জসপ্রিত বুমরাহর।

এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে ভারত। যেখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। তবে এই সিরিজে নেই তেমন কোনো সিনিয়র ক্রিকেটার। শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজ দিয়ে মাঠে নামতে পারে পূর্ণাঙ্গ দল। ধারণা করা হচ্ছে, ঐ সিরিজের আগেই ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম।

রোহিতের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাই সবার আগে নাম আসছে তারই। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজেও তার হাতে নেতৃত্বভার থাকবে বলে নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য যতীন পরাঞ্জপে।

ভারতের টি-২০ অধিনায়কত্বের প্রসঙ্গে কথা বলতে গিয়ে যতীন পরাঞ্জপে বলেন, শ্রীলংকা সফরে হার্দিককে অধিনায়ক ও রিশাভ পান্টকে সহ-অধিনায়ক করা হতে পারে। ভবিষ্যতের অধিনায়ক হিসাবে চার জনকে ভাবা হচ্ছে। হার্দিক, পান্ট, শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল।