হালকা জ্বরও হতে পারে ডেঙ্গির লক্ষণ, সতর্কতা জারি করলো স্বাস্থ্য দপ্তর

মৃদু জ্বর, ডায়েরিয়া, পেটে মোচড় দেওয়া ব্যথা, তেমন জ্বরও নেই? এইসব উপসর্গ দেখা দিলেও ডেঙ্গি পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। কারণ চলতি বছরের ডেঙ্গি ভাইরাস বেশ কিছু আজব উপসর্গ নিয়ে আসছে। এই সতর্কতা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
চিরাচরিত উপসর্গের বাইরে
ধূম জ্বর
চোখের কোটরে ব্যথা
মাথা ব্যথা
গাঁটে গাঁটে যন্ত্রণা
এইসব উপসর্গ থাকলে ডেঙ্গি পরীক্ষা করান সর্বত্র। কিন্তু চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি ভাইরাস ফাঁকি দিচ্ছে অভিজ্ঞ চিকিৎসকের চোখকেও।
মামুলি জ্বর ও পেট খারাপের মতো উপসর্গেও ডেঙ্গি হামলা চালাতে পারে শরীরে। তাই এই পেট খারাপ ও মৃদু জ্বরের উপসর্গ দেখলে সব চিকিৎসকদের ডেঙ্গির এনএস-১ কিংবা আইজিএম এলাইজ়া টেস্ট লিখতে হবে প্রেসক্রিপশনে।
ডায়েরিয়া ডেঙ্গির অন্যতম উপসর্গ হলেও তার নজির খুব একটা দেখা যায় না। কিন্তু চলতি মরশুমে এমন নজির অনেকগুলি দেখা যাচ্ছে। সে জন্যই বাড়তি সতর্কতার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে চিকিৎসকদের জন্য।
ডেঙ্গি সংক্রমণের চরিত্র বেশ কয়েক বছর ধরেই একটু একটু করে বদলাচ্ছে। গত বছরেও ডায়েরিয়া ও পেট ব্যথার সঙ্গে মৃদু জ্বর অথবা একেবারে জ্বর না-থাকা রোগীদের শরীরেও ডেঙ্গি ধরা পড়েছিল। আর কোনও উপসর্গ না থাকলেও দেখা যাচ্ছিল, কারও কারও প্লেটলেটস-সহ অন্যান্য রক্ত উপাদানের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাচ্ছে।
বর্ষা এসে যাওয়ায় ডেঙ্গির গ্রাফ আগের চেয়ে একটু হলেও তুলনায় বেশি ঊর্ধ্বমুখী। তাই বেসরকারি চিকিৎসকদেরও এই নির্দেশিকার কথা মাথায় রাখা জরুরি। কেননা, জুন পর্যন্ত রাজ্যে ১৪৫০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এ বছর। তার মধ্যে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১২৯ জন।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।