‘১৫ জনের মধ্যে ১৩ জন মারা গিয়েছে’! ভিডিয়ো বার্তায় জানালেন রুশ সেনায় থাকা প্রতারিত বাঙালি

গত ছয় মাস ধরে রাশিয়ান সেনাবাহিনীতে আটকা ছিলেন কালিম্পংয়ের বাসিন্দা উরজেন তামাং। এজেন্টদের প্রতারণায় তিনি রাশিয়ায় নিরাপত্তা রক্ষীর চাকরির প্রতিশ্রুতি পেয়ে সেখানে যান। কিন্তু পরে তাকে ইউক্রেন যুদ্ধের প্রথম সারিতে নিয়ে যাওয়া হয়।
উরজেনের পরিবার তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে। পরে কালিম্পং পুরসভার প্রাশাসক বোর্ডের চেয়ারপার্সন রবি প্রধান বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেন। এরপর মস্কোতে ভারতীয় দূতাবাসের তরফে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
সম্প্রতি রাশিয়া সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতার বৈঠকের পরই রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের ছেড়ে দেওয়া হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই ঘটনায় আশার আলে দেখছেন উরজেন তামাং। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি ভারতের পশ্চিমবঙ্গের উরজেন তামাং। মার্চ মাস থেকে আমি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে আছি। এখানে ১৫ জন অ-রাশিয়ান ছিল, তবে ১৩ জনকে হত্যা করা হয়েছে। শুধু আমি এবং শ্রীলঙ্কার একজন বেঁচে আছি।”
তিনি আরও বলেন, “আমি কালিম্পং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি। তিনি আমাকে বলেছিলেন যে মোদি রাশিয়ায় ছিলেন এবং তিনি রাশিয়ান প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। আমি খুশি যে আমি বেঁচে আছি এবং আমি আমার দেশে ফিরে যেতে চাই। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি দয়া করে আমাকে এবং অন্যান্য ভারতীয়দের মুক্তি দেওয়ার জন্য।”
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ সেনায় সহকারী কর্মী হিসেবে কাজ করছেন বহু ভারতীয়। এখনও বেশ কয়েকজন যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে রয়েছেন।