টোটোচালকের উপস্থিত বুদ্ধিতে উদ্ধার অপহৃত শিশুপুত্র, পুলিশ গ্রেফতার করলো ১ জন কে

বৃহস্পতিবার সকাল আটটার দিকে আলিপুরদুয়ারের নতুন হাসিমারায় পাঁচ বছরের বিকাশ আগরওয়াল নামে এক শিশুকে অপহরণ করেছিল দুই দুষ্কৃতী। তবে টোটোচালক মতিয়ার মিয়ার সাহস ও উপস্থিত বুদ্ধিতে ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে ফেলে পুলিশ।

স্থানীয় চাল ব্যবসায়ী আশিস আগরওয়ালের ছেলে বিকাশ তিন সহপাঠীর সাথে স্কুলে যাওয়ার সময় অপহৃত হয়।চা-বাগানের শুনশান এলাকায় বাইক আরোহী দুই যুবক টোটোর সামনে এসে বিকাশকে তুলে নিয়ে যায়।টোটোচালকের চোখে স্প্রে করে তাকে অসহায় করে ফেলে।ঘটনার খবর পেয়ে হাসিমারা পুলিশ ফাঁড়ির ওসি বিশ্বজিৎ দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কালচিনির কাছে মধু চা বাগানে অপহরণকারীদের মোটরবাইকটির পাশে পুলিশের জিপ পৌঁছায়।চলন্ত গাড়ি থেকেই ওসি বিকাশকে উদ্ধার করেন।
রাগে এক দুষ্কৃতী ওসির দিকে রিভলবার তাক করে।এক কনস্টেবল দুষ্কৃতীকে ধাক্কা দিয়ে ফেলে এবং ওসি রিভলবারটি কেড়ে নেন।অন্য দুষ্কৃতী পালিয়ে যায়।
ধৃত দুষ্কৃতীর নাম বাবলু জশওয়াল। সে ব্যবসায়ীর প্রতিবেশী এবং আগেও জেল খেটেছে।

তদন্তে জানা যায়, বাবলু মোটা টাকা মুক্তিপণের জন্য এই অপহরণের ষড়যন্ত্র করেছিল।টোটোচালক মতিয়ার স্প্রের কারণে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন।বাবলুকে আদালতে তোলা হয়েছে এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এই ঘটনায় টোটোচালক মতিয়ার মিয়ার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করছে স্থানীয়রা। পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পেরেছে তার জন্যও তাদের প্রশংসা করা হচ্ছে।