সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু মহিলা BSF জওয়ানের, চাঞ্চল্য ঘটনায়

বুধবার রাত নদিয়ার ধনতলার ইছামতি বর্ডার আউট পোস্টে কর্মরত এক মহিলা বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ঘটনার পেছনের আসল কারণ তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ ও বিএসএফ।
মৃত জওয়ানের নাম অনামিকা কুমারী (২৫)। তিনি বিহারের সরণ জেলার অবতারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত নভেম্বর মাসেই তিনি বিএসএফে যোগদান করেছিলেন।
বুধবার রাত সাড়ে ১০ টার সময় ইছামতি বর্ডার আউট পোস্টে কর্মরত সহকর্মীরা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন অনামিকা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর হাতে ছিল তাঁর সার্ভিস রাইফেল।
তৎক্ষণাৎ অনামিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে ধানতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় বিএসএফ-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ ও বিএসএফ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। মৃত্যুর কারণ, গুলি চালানোর ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।