জেলেনস্কিকে ভুলে ‘প্রেসিডেন্ট পুতিন’ বলে ডাকলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘প্রেসিডেন্ট পুতিন’ হিসেবে সম্বোধন করেছেন, যা তার মানসিক অবস্থাকে আবারো সন্দেহের মুখে ফেলেছে । ধারণা করা হচ্ছে, এই ভুল বাইডেনের নির্বাচনী প্রচারণাকে পুণরায় প্রশ্নবিদ্ধ করবে।
ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনের শেষদিনে একটি অনুষ্ঠানে অন্য ন্যাটো নেতাদের পাশে জেলেনস্কি উপস্থিত থাকাকালীন এই ভুলটি করেন বাইডেন।
বাইডেনের রাজনৈতিক মিত্র এবং দাতারা যখন তাকে নির্বাচনের ময়দান ছেড়ে দিতে বলছেন ঠিক সেইসময় এমন একটি বড়সড় ভুল করলেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাইডেন ‘মেক অর ব্রেক’ নামে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন। এই প্রেস কনফারেন্স শুরু হওয়ার ঠিক এক ঘণ্টা আগে তিনি এই কাণ্ড করে বসেন।
অনুষ্ঠানের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্য দেন। এরপর প্রেসিডেন্ট জেলেনস্কিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানাতে গিয়ে তিনি বলেন, এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে চাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্রেসিডেন্ট পুতিন!
এর প্রতিক্রিয়ায় বেশকিছু ইউরোপীয় নেতা ইতস্ততঃ করে করতালি দিতে লাগলেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অবাক হয়ে বাইডেনের দিকে তাকিয়ে ছিলেন। অন্য ইউরোপীয় নেতারা বিশ্রীভাবে করতালিতে ভেঙে পড়েছিলেন।
নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ শুধরে নেন বাইডেন এবং বলেন, প্রেসিডেন্ট পুতিন! আমরা প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করতে যাচ্ছি। প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি আসলে পুতিনকে পরাজিত করতে অনেক বেশি উদগ্রীব। আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে। যাই হোক, মিস্টার প্রেসিডেন্ট।
এ সময় বাইডেনের উদ্দেশে হাত নেড়ে জেলেনস্কি বলেন, আমি ভালো বোধ করছি।
কয়েকশ সাংবাদিক টেলিভিশনে অনুষ্ঠানটি লাইভ দেখছিলেন এবং তারা বাইডেন ও জেলেনস্কির মধ্যকার কথোপকথন শোনার পর যেন হাঁফ ছেড়ে বাঁচেন। সেই সময় রুমের বেশ কয়েকজন লোক বাইডেনের ভুল সংশোধন করতে ‘জেলেনস্কি’ বলে চিৎকার করছিলেন।
জেলেনস্কির বক্তব্যের এক ঘণ্টা পর ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাইডেনের। তবে সাংবাদিকরা যারা সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছিলেন তাদের সংক্ষিপ্ত নোটিশে বলা হয় ইভেন্টটি বাতিল করা হয়েছে। এর অর্থ বাইডেনকে তার এই ভুল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়তে হবে না।
নবনির্বাচিত বৃটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে সাংবাদিকরা বাইডেন সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, দেখুন, আমি গত রাতে তার সঙ্গে ছিলাম। আমরা এক ঘণ্টা চমৎকার সময় কাটিয়েছি। সম্মেলনের দুইদিন পেরিয়ে গেছে। এই দুইদিনের আলোচনার ফলাফল খুব ভালো। তিনি পুরো সম্মেলনটিতে নেতৃত্ব দিয়েছেন, প্রতিটি সেশনে কথা বলেছেন, এতগুলো লোককে এক জায়গায় একত্রিত করেছেন। আমি মনে করি, এ জন্য অবশ্যই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কথার ভুল। এরকম আমার সঙ্গেও হয়।
সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাইডেনের ভুলের ব্যাপারে। স্কোলজ প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, আমি আশা করছি ইউক্রেনের প্রতি বাইডেনের সমর্থন অব্যহত থাকবে।
সূত্র: দ্য গার্ডিয়ান