“যুদ্ধ নয়, ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে…”, বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

৪০ বছর পর এই প্রথম অস্ট্রিয়ায় পদার্পন করলেন ভারতের প্রধানমন্ত্রী। আর সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রিয়া সফর হয়ে উঠেছে এক তাৎপর্যপূর্ণ বিষয়।

প্রধানমন্ত্রী মোদীর কথায়, ‘এই ঐতিহাসিক অনুষ্ঠানে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। ভারত এবং অস্ট্রিয়া ৭৫ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদযাপন করছে। দুই দেশ ভৌগলিকভাবে দুই প্রান্তে অবস্থিত হলেও, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে।’

প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই ‘মোদী মোদী’ রব ওঠে। ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত সর্বশ্রেষ্ঠ। উজ্জ্বল ও সর্বোচ্চ মাইলফলক অর্জন করার লক্ষ্যে কাজ করছি আমরা।’

তিনি আরও বলেন, ‘হাজার বছর ধরে আমরা নিজেদের জ্ঞান ও দক্ষতা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমরা যুদ্ধ দিইনি, বিশ্বকে বুদ্ধ দিয়েছি। ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধি বজায় রেখেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সেই কাজই করবে।’

নরেন্দ্র মোদীর কথায়, ‘গণতন্ত্র আমাদের দুই দেশকে জুড়েছে। স্বাধীনতা, সাম্য, আইনের প্রতি সম্মান নিয়ে আমাদের চিন্তাধারা চলে। আমাদের দুই দেশেরই সমাজ বহু ভাষা ও সংস্কৃতির মিলনে তৈরি। দুই দেশই বিভিন্নতাকে উদযাপন করে। আর সেই চিন্তাধারা প্রতিফলনের অন্যতম বড় মাধ্যম হল নির্বাচন।’

‘এই দেশ ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়েছিল এবং ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে। সেই ভারতকে এখন বিশ্ব ভ্রাতৃত্বের সদস্য হিসেবে দেখা হচ্ছে। ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধি দিয়েছে। ভারত বরাবরই শান্তির পক্ষে। এ বিষয়ে দেশ নিজের ভূমিকা আরও জোরদার করবে।’

তিনি বলেন, ‘৬০ বছর পর টানা তৃতীয়বারের মতো একটা সরকার আবারও কাজ করার সুযোগ পেয়েছে। কোভিড পরবর্তী সময়ে আমরা সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা দেখেছি। বেশিরভাগ দেশে সরকারের পক্ষে টিকে থাকা সহজ ছিল না। আবার নির্বাচন করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ভারতের জনগণ আমাকে, আমার দল এবং NDA-কে বিশ্বাস করেছে। এই লোকসভা ভোটের ফলাফল প্রমাণ করে ভারত স্থিতিশীলতা বজায় রাখতে চায়।’