“শাহরুখ আমার অভিনয় নকল করেছে”,-চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানি অভিনেতা

পাকিস্তানি অভিনেতা তৌকির নাসির চমকপ্রদ দাবি করেছেন যে, বলিউডের কিং খান শাহরুখ খান তাঁর চরিত্র চুরি করে ২০০৬ সালের ‘কভি আলবিদা না ক্যাহনা’ ছবিতে ব্যবহার করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে, ছবির গল্পও পাকিস্তানি নাটক ‘পারওয়াজ’-এর থেকে নেওয়া হয়েছে।
ইউটিউব চ্যানেল ‘জবরদস্ত উইথ ওয়াসি শাহ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌকির নাসির বলেন, “কভি আলবিদা না ক্যাহনা’-র জন্য আমার চরিত্রটি হুবহু নকল করা হয়েছে। এমনকি ছবিতে দেখানো আহত পায়ের দৃশ্যটিও আমার নাটক থেকেই নেওয়া হয়েছে।”
তৌকির আরও দাবি করেন যে, শাহরুখ প্রায়শই তাঁর কাজের প্রশংসা করতেন এবং অন্যদেরও শুভেচ্ছা জানাতেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্তু অভিনেতা তাঁর কাজের জন্য কৃতিত্ব না পেয়ে দুঃখ পেয়েছেন।
তৌকির নাসির করণ জোহরকেও লক্ষ্য করে বলেছেন যে, তিনিও তাঁকে এবং গল্পের লেখক মুস্তানসার হুসেনকে কৃতিত্ব দেওয়ার প্রয়োজন মনে করেননি। ‘পারওয়াজ’-এর গল্প লিখেছিলেন মুস্তানসার হুসেন। যার উপর নির্মিত হয়েছিল ‘কভি আলবিদা না ক্যাহনা।’
এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত শাহরুখ খান বা করণ জোহর কোন মন্তব্য করেননি।
‘কভি আলবিদা না ক্যাহনা’ ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায়, কিরণ খের এবং অমিতাভ বচ্চন। প্রেম এবং বিবাহবহির্ভূত সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটির গল্প।
তৌকির নাসিরের এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, তৌকিরের দাবি সত্য হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি কেবলই প্রচার।