‘রাশিয়া বিশ্বস্ত বন্ধু’, মস্কোয় মোদীর মুখে ভারত-রাশিয়ার ‘অমর প্রেম’ গাঁথা

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে দিলেন ভাষণ। আর সেই ভাষণে রাশিয়া ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ তা বর্ণনা করলেন সিনেমার এক জনপ্রিয় গান উদ্ধৃত করে।

মোদীর মুখে এদিন শোনা গেল বিখ্যাত হিন্দি ছবির গানের লাইন, ‘সর পে লাল টোপি রুশি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি।’

তিনি বলেন, ‘রাজ কুমার, মিঠুন চক্রবর্তী সহ হিন্দি সিনে জগতের একাধিক তারকা ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় করেছেন।’

নরেন্দ্র মোদী বলেন, ‘গত ১০ বছরে আমি এই নিয়ে ষষ্ঠবার মস্কো এলাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার ১৭ বার সাক্ষাৎ হয়েছে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আমাদের এই সাক্ষাৎগুলি একে অপরের উপর বিশ্বাস এবং ভরসা বাড়িয়েছে। তিনি প্রমাণ করেছেন ভারত-রাশিয়ার বন্ধুত্ব চিরকালীন। আমরা বিশ্বস্ত পার্টনার।’

তিনি বলেন, ‘রাশিয়ার তাপমাত্রা মাইনাসে নেমে গেলেও দুই দেশের বন্ধুত্ব উষ্ণই থাকবে। আমাদের বন্ধুত্ব সমস্ত স্বপ্নগুলিকে সংকল্পে পরিণত করবে। সেই সংকল্প বাস্তবায়নে নিরন্তর চেষ্টা করব আমরা।’

নিজের গলায় ওড়িয়া উত্তরীয় দেখিয়ে বলেন, ‘ওডিশা এবার কামাল করে দেখিয়েছে। সেখানে বড় পরিবর্তন হয়েছে। মহাপ্রভু জগন্নাথদেবের আশীর্বাদ রয়েছে প্রবাসীদের উপর। দেখুন আমি তাঁর স্থানের উত্তরীয় পরে রয়েছি।’

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ নেওয়া এবং সেগুলিকে পালটা চ্যালেঞ্জ জানানো আমার DNA-তে রয়েছে। আপনারা দেখবেন কী ভাবে ভারত তার সামনে আসা সমস্ত চ্যালেঞ্জকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। আমি অঙ্গীকার করেছি, গত ১০ বছরে যা কাজ করেছি তাঁর তিনগুণ বেশি এবং তিনগুণ তাড়াতাড়ি এবার কাজ করব। নয়া ভারত আরও আত্মবিশ্বাসী, আরও আত্মনির্ভর। ২০১৪ সালে পর থেকে ভারত সম্পূর্ণ বদলে গিয়েছে। কোনও দেশ বিপদে পড়লে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ভারতের ধর্ম। গোটা বিশ্ব আজ স্বীকার করছে, ২১ শতাব্দী ভারতেরই।’