নাবালিকাকে জোর করে বাইকে তোলার চেষ্টা, অভিযুক্তকে গণপ্রহার, আটক ১ জন

ক্যানিং থানার দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার দুপুরে ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল।অভিযুক্ত যুবক তাকে বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।
ছাত্রী রাজি না হওয়ায় জোর করে তাকে টানাটানি করতে থাকে।স্থানীয়রা দেখে যুবককে জিজ্ঞাসাবাদ করে।
যুবক সন্দেহজনক উত্তর দিতে পারে না।এরপরই তাকে গণপিটুনি দেওয়া হয়।ঘটনায় আহত যুবককে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।অভিযুক্ত যুবকের নাম তাপস মাপা ও তার বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে।ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ তদন্ত শুরু করেছে।
গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটছে।পুলিশ আইন নিজের হাতে না নেওয়ার ব্যাপারে সতর্কবার্তা জানিয়েছে।