বিশেষ: কেন এখন রাশিয়া সফরে নরেন্দ্র মোদি? কি বলছে বিশেষজ্ঞরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে নির্বাচনের পর প্রথম সফরে যাচ্ছেন রাশিয়ায়। আর তার এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব হিংসায় জ্বলছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আজ সোমবার অর্থাৎ ৮ জুলাই থেকে রাশিয়া সফর শুরু হচ্ছে মোদির। এই সফর শেষ হবে আগামীকাল মঙ্গলবার, অর্থাৎ ৯ জুলাই। এ বিষয়ে পেসকভ বলেছেন, পশ্চিমার হিংসাত্মক জ্বলুনি নিয়ে খুব নিবিড়ভাবে মোদির রাশিয়া সফর পর্যবেক্ষণ করছে। গত রোববার পেসকভ বলেন, তারা (পশ্চিমারা) হিংসায় জ্বলছে…এর মানে তারা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করছে। তাদের নিবিড় পর্যবেক্ষণের অর্থ হলো, তারা এটিকে খুব গুরুত্ব দেয়।

কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদি-পুতিনের আলোচনায়।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার মধ্যে বহুমুখী সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। এছাড়া পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন মোদি ও পুতিন।

পেসকভ জানান, আলোচনায় বেশ কয়েকটি এজেন্ডা প্রাধান্য পাবে। এটি একটি অফিসিয়াল সফর এবং আমরা আশা করি, দুদেশের প্রধানের এই আলোচনা বন্ধুত্বপূর্ণ হবে।

পেসকভ বলেন, রুশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে রয়েছে। ক্রেমলিনে দুনেতার মধ্যে প্রত্যক্ষ আলোচনা হবে এবং সেখানে দুদেশের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।

তিনি আরো বলেন, ‘আমরা একটি অত্যন্ত কার্যকর এবং পূর্ণাঙ্গ সফরের প্রত্যাশা করছি, যা রাশিয়া-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।

মোদির শেষ রাশিয়া সফর ছিল ২০১৯ সালে। যখন তিনি সুদূর পূর্ব শহর ভ্লাদিভোস্টকের একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন।