দিন দিন বাড়ছে টোটোর দৌরাত্ম্য, লাইসেন্স নিয়ে কড়া পদক্ষেপের পথে পুরসভা

নৈহাটি শহরে টোটোর দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। শহর জুড়ে টোটোর দাপটে হাঁটাচলা করতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বাড়ছে ছোটবড়ো দুর্ঘটনার সংখ্যাও। এই অবৈধ টোটো নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিতে চলেছে নৈহাটি পুরসভা।

নতুন নিয়ম অনুযায়ী, এবার পরিবার পিছু একটি করে লাইসেন্স দেওয়া হবে। আবেদনকারীকে আধার কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র পুরসভায় জমা করতে হবে। টোটো নিয়ে পুরসভার তরফে সমীক্ষা করা হবে। আবেদনকারীর কাছে একটির বেশি টোটো আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা।

পুরসভা সূত্রে জানা গেছে, নৈহাটিতে প্রতিদিন প্রায় ৫ হাজার টোটো চলাচল করে। অনেক পরিবারে একের বেশি টোটো রয়েছে। এমনকি নৈহাটি পুরসভার বাইরে থেকেও টোটো চালানো হচ্ছে শহরে। বিশেষ করে আরবিসি রোড এবং অরবিন্দ রোডে টোটোর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে রাস্তায় জায়গা সংকট দেখা দিচ্ছে এবং মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

টোটো নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, “রাস্তায় মানুষ হাঁটাচলা করতে পারছে না। সেই কারণেই আমরা টোটো নিয়ন্ত্রণের পথে হাঁটতে বাধ্য হয়েছি। পুরসভা টোটোর লাইসেন্স দেবে। যাদের লাইসেন্স থাকবে না তারা নৈহাটি শহরে আর টোটো চালাতে পারবে না।”

এই নতুন নিয়মে কিছুটা হলেও টোটো দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

এছাড়াও, ভাটপাড়া, কাঁকিনাড়া সহ আশপাশের পঞ্চায়েত এলাকা থেকেও টোটো আসছে নৈহাটিতে। লাইসেন্স ছাড়া বেআইনি টোটো চালানোর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা।