BigNews: শিক্ষকদের জন্য সুখবর, একলাফে বাড়ল অবসরকালীন ভাতার পরিমাণ

রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীদের জন্য সুখবর। চলতি বছরের ১ এপ্রিল থেকে তার একক অবসর ভাতা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার থেকে বাড়িয়ে পাঁচ লাখ করা হল।’

তিনি বলেন, ‘ এই সুবিধা প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে, এমএসকে-র শিক্ষাকর্মীরাও পাবেন।’

শিক্ষা দফতর সূত্রে খবর, ‘এর আগে প্যারা টিচার, এসএসকে এবং এমএসকে-র শিক্ষক-শিক্ষিকাদের অবসরকালীন ভাতা ছিল দুই লাখ টাকা। অন্যদিকে, অ্যাকাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে অবসরকালীন ভাতার মেয়াদ ছিল এক লাখ। এবার তাঁদের সকলের ক্ষেত্রে এই ভাতা বৃদ্ধি করে পাঁচ লাখ করা হল।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সরকারি কর্মীরা আমার পরিবারের সদস্য। তাঁদের উন্নতির জন্য সমস্ত পদক্ষেপ করা হবে।’