OMG! ১৫ দিনে বিহারে ভেঙে পড়ল ৯টি সেতু, নীতীশ কুমারকে দুষলেন তেজস্বী

বিহারে সেতু বিপর্যয়ের ঘটনা অব্যাহত। বুধবার রাজ্যটির সিওয়ান ও সারান জেলায় অন্তত আরো তিনটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১৫ দিনের মধ্যে রাজ্যটিতে মোট ৯টি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল। যদিও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,গত বুধবারে যে সেতুগুলো ভেঙে পড়েছে সেগুলো ৩০ থেকে ৮০ বছরের পুরনো। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে বিহারে। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে সেতুগুলো।
আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, একদিনে বিহারে চারটি সেতু ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কোনো কড়া পদক্ষেপ করেননি।
এমন অবস্থায় রাজ্যের সমস্ত পুরোনো সেতুগুলো নিয়ে সমীক্ষা চালাতে এবং মেরামতের প্রয়োজন এমন সেতুগুলোকে অবিলম্বে চিহ্নিত করতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যটির সড়ক নির্মাণ বিভাগ (আরসিডি) এবং গ্রামীণ পূর্ত বিভাগকে (আরডব্লিউডি) নির্দেশ দিয়েছেন।
ডব্লিউআরডি’র অতিরিক্ত মুখ্য সচিব চৈতন্য প্রসাদ এক বিবৃতিতে বলেছেন, বুধবার সিওয়ান এবং সারানে যে সেতু/কজওয়েগুলো ভেঙে পড়েছে তার কিছু অংশ খুব পুরোনো। এসব কাঠামো প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে বলে মনে হয় না। এছাড়া সেতুগুলোর ভিত্তিও যথেষ্ট গভীর ছিল না বলে মনে হচ্ছে, কারণ বন্যার সময় এই কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
পুলিশ জানিয়েছে, সেতু বিপর্যয়ের ঘটনার তদন্ত জারি রেখেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় লোকজনের ধারণা, গত কয়েকদিনের ভারী বর্ষণ এসব ছোট ব্রিজ ভেঙে পড়ার কারণ হতে পারে। মূলত গত ১৫ দিনে ভারতের এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেতু ভেঙে পড়ার ১০টিরও বেশি ঘটনার খবর পাওয়া গেছে।