“ভিডিয়ো যে ভাইরাল করেছে তার শাস্তি চাই”-মুখ খুললেন চোপড়ার নির্যাতিতা যুবতী

চোপড়ার নির্যাতিতা মহিলা বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের একটি দলের কাছে তাদের ভিডিও ভাইরাল করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে তাদের সম্মান নষ্ট করা হয়েছে এবং তিনি তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন।
নির্যাতিতা মহিলা বলেছেন, “এই ভাইরাল ভিডিয়োতে আমার সম্মান নষ্ট হয়েছে। আমার মান-সম্মান নিয়ে খেলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ জানাচ্ছি। যে বা যারা এই ভিডিয়ো ভাইরাল করেছে তাদের যেন শাস্তি হয়।”
বুধবার, নির্যাতিত যুবকও একই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, “যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। এখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। আমি বাড়িতেই রয়েছি। আর জীবনে কোনও অশান্তি চাই না।”
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় হাতে এক গোছা কঞ্চি নিয়ে এক যুবক-যুবতীকে বেধড়ক মারছে এক যুবক।
ভিডিওটি চোপড়ার এবং কঞ্চি হাতে ওই ব্যক্তির নাম তাজিমুল ইসলাম ওরফে ‘জেসিবি’ বলে জানা যায়।
এই ভিডিয়ো সামনে আসার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথমে তাজিমুলকে গ্রেফতার করে। পরবর্তীতে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়।
চোপড়াকাণ্ডের রেশ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে চোপড়ার দিগলগাঁও।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ পিকেট বসিয়েছে।গ্রামের বাসিন্দারা এই নিয়ে কোনও কথা বলতে নারাজ।নির্যাতিত যুবক-যুবতীর বাড়িতে যেতে গ্রামের অন্যান্যরা নারাজ।