“ওর মাথায় আমার হাত ছিল না”-দলের কর্মী মেনেও জেসিবির সঙ্গে দূরত্বের চেষ্টায় হামিদুল

দলনেত্রী মমতা ব্যানার্জির সামনে ব্যাকফুটে রয়েছেন হামিদুল রহমান। হামিদুল দাবি করেন, চোপড়া দম্পতি গণলাঞ্ছনার মামলার প্রধান আসামি জেসিবি ওরফে তাজিমুল ইসলাম তার পৃষ্ঠপোষকতায় নেই। বিধায়কের দাবি, জেসিবির উত্থানে তাঁর কোনও ভূমিকা নেই। হামিদুল আরও দাবি করেন, দম্পতির ওপর গণলাঞ্ছনার ঘটনায় জেসিবিসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারে তিনি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, ‘ওর (জেসিবি) বাড়ি থেকে আমার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে। আমার জন্যে ও বেড়েছে, এমন নয়। ওর মাথায় আমার হাত ছিল না। আমার শেল্টারেও ছিল না। জেসিবি’র সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ও বাইরে কাজ করত।’

তাঁর কথায়, ‘ও তৃণমূল করে, কিন্তু পার্টির লিডার নয়। জেসিবি’র শাস্তি হওয়া উচিত। যারা ওর সঙ্গে জড়িত তাদের কথা পুলিশকে ফোন করে বলা হয়েছে।’

এই ঘটনায় আমিরুল ইসলাম ওরফে বুধুয়া নামে আরও একজনকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে।